কারখানা শ্রমিক হয়েও আমি রক্ষা পাইনি। আমাকে সাদা পোশাকধারীরা তুলে নেয় এবং ৯৬ দিন আটকে রেখে নির্যাতন করে জঙ্গি স্বীকার করতে বাধ্য করে বলে জানিয়েছেন গুমের শিকার গোলাম মোস্তফা। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি শেষে মানববন্ধনে তিনি জোরপূর্বক তুলে নিয়ে জঙ্গি স্বীকার করাতে নির্যাতনের কথা স্মরণ করে এসব কথা বলেন।
গুমের শিকার গোলাম মোস্তফা তার বক্তব্যে নিজের গুমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি ৯৬ দিন গুম ছিলাম। তিনি গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং গুমের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। মানববন্ধনে অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুবুল আলম, গুমের শিকার গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল আউয়াল ও মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারী।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ নাগরিকদের তুলে নিয়ে দীর্ঘদিন নিখোঁজ রাখা, গোপন বন্দিশালায় আটকে নির্যাতন এবং পরে কারও কারও ফিরে আসার ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছিল। গুমের ঘটনায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী ও তাদের পরিবার ন্যায়বিচার পায়নি। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গুমের বিচার ও প্রতিকার নিশ্চিত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংসদে পাস না হওয়ায় তা বাতিল হয়ে যাওয়া সরকারের এ বিষয়ে উদাসীনতারই প্রকাশ বলে তারা মন্তব্য করেন। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানের পরও গুমের ঘটনা ঘটেছে- এমন অভিযোগ উদ্বেগজনক। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
গুমের শিকার গোলাম মোস্তফাকে পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে ২০১৯ সালের শেষের দিকে নারায়ণগঞ্জের একটি কারখানার সামনে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। পরে তাকে ৯৬ দিন আটকে রেখে নির্যাতন করে তিনি জঙ্গি বলে স্বীকার করান। গোলাম মোস্তফা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।
