বাউফলে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান মোল্লা (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বাউফল থানার এসআই খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে কালাইয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আফসার উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিজান মোল্লা এলাকায় প্রভাবশালী সন্ত্রাসী ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মিজান মোল্লাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।