নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় সিটি ইকোনমিক জোনের অয়েল সেকশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রূপগঞ্জের তালতলা এলাকার বাসিন্দা মোজাম্মেল প্রধান ও সাব্বির প্রধান। দুর্ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। স্বজনদের দাবি, তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অয়েল সেকশনে কাজ চলাকালে হঠাৎ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কাছাকাছি থাকা দুই শ্রমিক দগ্ধ হন। এদিকে, দগ্ধ শ্রমিকদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার সামনে অবস্থান নেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে চলে যান। বয়লার বিস্ফোরণের কারণ এবং এতে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
