মৌলভীবাজারে এনসিপি’র ৫ নেতার জামিন নামঞ্জুর

ফন্ট সাইজ:

মৌলভীবাজার এনসিপি জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে কুলাউড়া আমলি আদালতে আসামিদের জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

জানা যায়, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মামলার বাদী তামিম আহমদের অভিযোগ- এনসিপি’র পদ দেয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন এবং মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালান।