বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা কাটাগড় গ্রামের আশিক মোল্লার একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়েশাকে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির কিছুটা দূরে একটি বালতিতে পানি রাখা ছিল।
একপর্যায়ে ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে বালতির কাছে চলে যায় আয়েশা। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বালতির পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
