ভোলার দৌলতখান পৌরসভার ৪নং ওয়ার্ডে হালিম সাগর দীঘির পেছনে হিন্দু কলোনিতে আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। একই ঘটনায় অপর একটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘরে থাকা ১টি মোটরসাইকেল, আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্রসহ সকল মালামালই পুড়ে ছাই হয়ে যায়। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরের মালিক সঞ্জয় দেবনাথের ভগ্নিপতি ঘরে বসবাসকারী জীবন দেবনাথ জানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে দু’টি ঘরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অপর ঘরটি তালাবদ্ধ ছিল। ঘরের মালিক দুলাল দেবনাথ পরিবারসহ বর্তমানে ভারতে অবস্থান করছেন। পাশের ঘরের বাসিন্দা স্মৃতি মোহন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস লিডার মোখলেছুর রহমান জানায় ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আমাদের কর্মীরা অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
