ভাঙা হবে ক্রীড়া পরিষদের পুরনো ভবন,  হবে আন্তর্জাতিক মানের নতুন স্থাপনা

ভাঙা হবে ক্রীড়া পরিষদের পুরনো ভবন, হবে আন্তর্জাতিক মানের নতুন স্থাপনা

ফন্ট সাইজ:

জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনটি বাংলাদেশের ক্রীড়া প্রশাসনের সঙ্গে জড়িয়ে আছে গভীরভাবে। ২০০৬ সালে নতুন ভবন গড়ে ওঠার আগে পর্যন্ত এই ভবনেই ছিল পরিষদের সব কার্যক্রম। নতুন ভবন চালু হলেও এখনো এই পুরনো স্থাপনাতেই থেকে গেছে দাবা, তায়কোয়ান্দো ও ভারোত্তোলন ফেডারেশনের কার্যালয়। এখানকার জিমনেসিয়ামেই চলে জিমন্যাস্টিকস ও তায়কোয়ান্দোর অনুশীলন-প্রতিযোগিতা, আর ক্রীড়াঙ্গনের একমাত্র আর্কাইভ 'ক্রীড়াজগৎ'-এরও ঠিকানা এই একই ভবন।



পাঁচ দশকের পুরনো এই স্থাপনা ভেঙে ফেলার আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ একটি তায়কোয়ান্দো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরনো ভবনের জায়গায় নির্মাণ করা হবে বহুতল একটি ভবন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ যাবতীয় আধুনিক ব্যবস্থা। ইতিমধ্যে বেশ কয়েকজন দেশি-বিদেশি বিনিয়োগকারী এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আজ অনুষ্ঠিত হয় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত '৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা'র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যমান পুরাতন ভবনটি ভেঙে আন্তর্জাতিক মানের সকল ফ্যাসিলিটিজে একটি বড় বিল্ডিং করার পরিকল্পনা সরকারের রয়েছে।’  দীর্ঘদিন ধরে তায়কোয়ান্দো ও জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলেটদের তীব্র গরম আর আলোস্বল্পতার ভোগান্তির কথাও স্বীকার করেন তিনি, দেন সমাধানের প্রতিশ্রুতিও।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় ২৮টি দল ও সংস্থার মোট ৪৫০ জন খেলোয়াড়, লড়াই হয় ৩৪টি ওজন ক্যাটাগরিতে। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়নের মুকুট ভাগাভাগি করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর সিনিয়র নারী বিভাগে একক আধিপত্য দেখিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।

জুনিয়র পর্যায়েও ছিল সমান আকর্ষণীয় লড়াই—পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, নারী বিভাগে সেরা হয়েছে মিরপুর ডিওএইচএস তায়কোয়ানডো ক্লাব। তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানসহ অন্যান্য অতিথিরা।