সুইস রেভ পার্টিতে গুলি, তরুণী নিহত, আহত ৫

সুইস রেভ পার্টিতে গুলি, তরুণী নিহত, আহত ৫

ফন্ট সাইজ:

সুইজারল্যান্ডের আরগাউ ক্যান্টনের রাজধানী আরাউ শহরে একটি রেভ পার্টিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই হামলাকারী বা হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার কিছু পরে আরাউ শহরের শাখেন এলাকার ঘোড়দৌঁড়ের মাঠে আয়োজিত ‘আরাউ রেভ ভলিউম ৭’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। গুলির খবর পাওয়ার পর সশস্ত্র পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সী তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ২৪ থেকে ২৭ বছর বয়সী চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা সামান্য থেকে গুরুতর বলে জানিয়েছে পুলিশ। নিহত ও আহত সবাই সুইজারল্যান্ডে বসবাস করতেন। তবে তাদের পরিচয় ও জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গুলিবর্ষণের পর ঘোড়দৌঁড়ের মাঠ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা ঘিরে ফেলে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবি ও ভিডিও পুলিশের কাছে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গান বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। অনেকে প্রথমে সেগুলোকে আতশবাজির শব্দ মনে করেছিলেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ডিজে মঞ্চ ও বিভিন্ন সরঞ্জামের আড়ালে আশ্রয় নেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টেলি এমওয়ানকে এক বাসিন্দা বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা এমন শব্দ শুনেছিলেন, যা তাদের কাছে ‘মেশিনগানের গুলির মতো’ মনে হয়েছিল। ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, তারা ঘটনাস্থল থেকে গাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি গাড়ি এসে তাদের সামনে থামে। সেখান থেকে একজন নেমে তার ভাতিজার দিকে অস্ত্র তাক করে। ভাতিজা দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে গাড়িটি একটি গুলিতে আঘাতপ্রাপ্ত হয়।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, উৎসবস্থলে তার পাশে থাকা এক নারী হঠাৎ গুলিবিদ্ধ হন। আশপাশে থাকা কয়েকজন তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি বলেন, আমাদের চোখের সামনে ওই নারী মারা গেলেন। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। আরগাউ পুলিশের মুখপাত্র বার্নহার্ড গ্রাসার জানিয়েছেন, হামলাকারী বা হামলাকারীরা কোথায় অবস্থান করছে, সে বিষয়ে পুলিশের কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তাদের ধরতে আরাউ এবং আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

তল্লাশি অভিযানে সশস্ত্র পুলিশ, বিশেষায়িত নিরাপত্তা দল এবং একটি সুপার পুমা সামরিক হেলিকপ্টার ব্যবহারের খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন পরীক্ষা করা হয়। আরাউ শহরের বিভিন্ন এলাকাতেও সশস্ত্র পুলিশকে টহল দিতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুলিবর্ষণের আগে কোনো বিরোধ বা সংঘর্ষ হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছিলেন, রেভ পার্টিতে প্রায় তিন হাজার ৫০০ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল। আরগাউ রেসিং ক্লাব নিহত তরুণীর পরিবার এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তদন্ত চলাকালে অনুমাননির্ভর তথ্য ও গুজব না ছড়ানোর অনুরোধও জানিয়েছে সংগঠনটি। আরাউয়ের ঘটনার পর নিকটবর্তী ব্রুগ শহরের উৎসবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসবের শেষ দিনের জন্য অতিরিক্ত প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী এবং নিরাপত্তাকর্মীদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

সুইজারল্যান্ডে মানুষের হাতে বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও প্রকাশ্য স্থানে এমন প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা বিরল। তাই আরাউয়ের ঘটনাটি সুইজারল্যান্ডজুড়ে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং শাখেনের ঘোড়দৌঁড়ের মাঠসংলগ্ন এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। তদন্ত ও হামলাকারীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।