বগুড়ায় ড্রেন খননকালে মাটির নিচে পাওয়া গেল ৩৩৪ রাউন্ড গুলি

বগুড়ায় ড্রেন খননকালে মাটির নিচে পাওয়া গেল ৩৩৪ রাউন্ড গুলি

ফন্ট সাইজ:

বগুড়া শহরের প্রাণকেন্দ্র জিলা স্কুলের প্রাচীরঘেঁষা এলাকা থেকে ড্রেন নির্মাণের সময় মাটির নিচে থেকে পাওয়া গেল বিপুল পরিমাণ গুলি। রোববার বেলা ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উন্নয়নকাজ চলাকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ৩৩৪ রাউন্ড গুলি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার সকালে জিলা স্কুলসংলগ্ন মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ শুরু করেন শ্রমিকরা। মাটি কাটার একপর্যায়ে দক্ষিণ পাশের দেয়ালে একটি ধাতব বস্তুর স্পর্শ পান এক নির্মাণশ্রমিক। কৌতূহলবশত মাটি সরাতেই একে একে বেরিয়ে আসতে থাকে থোক থোক গুলি। তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকদের জানানো হয় এবং বগুড়া সদর থানা পুলিশকে খবর দেয়া হয়। সংবাদ পাওয়ার পর পরই বগুড়া সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা এলাকাটি কর্ডন করে ফেলেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে মাটির গভীর থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে হেফাজতে নেন। প্রাথমিক পর্যবেক্ষণে গুলিগুলো অনেকদিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল বলে ধারণা করা হলেও এগুলো কতো আগের- তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

প্রাথমিক তদন্তে দু’টি দিককে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রথমত, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ও পরিত্যক্ত গুলি হতে পারে। দ্বিতীয়ত, ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানকালে থানা বা সরকারের কোনো অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশবিশেষ গোপনে এখানে পুঁতে রাখা হয়েছিল কি না- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ও গুলি উদ্ধারের এই সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, উন্নয়নকাজের মাটি কাটার সময় শ্রমিকরা মাটির নিচে কার্তুজগুলো দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুনির্দিষ্টভাবে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ গুলি কোন সময়ের এবং কোন নির্দিষ্ট অস্ত্রের, তা বিশেষজ্ঞ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।