নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাঈল হোসেনের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজার ২৮৫১ হাল দাগের ওই সম্পত্তি দখলের ঘটনা ঘটে। মো. ইসমাঈল হোসেন বলেন, চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজায় তার বেশকিছু ক্রয়কৃত জায়গা রয়েছে। এর মধ্যে ২৮৫১ নম্বর হাল দাগের প্রায় এক ডেসিমেল জায়গা স্থানীয় একেএম জায়েদুল হক জাবেদ পুরোনো সীমানা প্রাচীর ভেঙে দখল করে নেন। পরে রাতের আঁধারে সেখানে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করে জায়গাটি পুরোপুরি দখলে নেয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে জাবেদ গং তার বিরুদ্ধে কুৎসা রটানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া তিনি বা তার লোকজন জায়গায় গেলে শিক্ষক পরিচয় দেয়া এক নারী তাদের বেজায় গালমন্দ করেন বলেও অভিযোগ করেন। অভিযোগ নাকচ করে দিয়ে একেএম জায়েদুল হক জাবেদ বলেন, জায়গাটি তার পৈতৃক সম্পত্তি।
সাবেক সরকারি কর্মকর্তা ইসমাঈল হোসেন সেখানে কিছু জায়গা কিনেছেন, তবে কতোটুকু কিনেছেন তা কাউকে জানাননি। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া মানবজমিনকে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধান করবে বলে জানা গেছে।
