পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের মেহের আলী এলাকায় বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিন জেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নগদ টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। রোববার দুপুরে মেহের আলী এলাকায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। দুবলারচরের মেহের আলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ২টার দিকে সুন্দরবনের মেহের আলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।
হামলাকারী জেলেরা ওই কেরিংবোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে মৎস্য ব্যবসায়ী আলিম অভিযোগ করেন। আহত জেলেরা হলেন- আলীম মিয়ার পক্ষের আশিক (২৫), মো. রিয়াজ হাওলাদার (৩৫) ও অপর পক্ষের জেলে মিজানুর রহমান (৩০)। আহত জেলেদের আলোরকোল কোস্ট গার্ড কন্টিনজেন্টে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলন রায় বলেন, বঙ্গোপসাগরের মেহের আলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
