১৬ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

নারী হকি বিশ্বকাপ

১৬ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

গত আসরের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে আক্ষেপে পুড়ে আর্জেন্টিনা। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে মধুর প্রতিশোধ নিলো তারা। মেয়েদের হকি বিশ্বকাপের ফাইনালে ডাচদের হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জেতে দলটি। সবশেষ ২০১০ সালে হকি বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বসেরা হলো তারা। নারীদের হকি বিশ্বকাপে এটি আর্জেন্টিনার তৃতীয় শিরোপা। আর এই শিরোপা এসেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে।




আমস্টারডামের ফাইনালে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক নেদারল্যান্ডস। প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র ৫১ সেকেন্ড আগে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার থেকে জোরালো শটে গোল করেন ইবি ইয়ানসেন। এই গোলসহ চলতি বিশ্বকাপে মোট আটটি গোল করেছেন তিনি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টারে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান মারিয়া গ্রানাতো। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটিও তৈরি হয় এই সময়। পিয়েন ডিকের আক্রমণের মুখে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে অসাধারণ এক সেভে দলকে সমতায় রাখেন আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্তিনা কোসেন্তিনো। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই বাজিমাত করে আর্জেন্টিনা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে কোসেন্তিনোর হাতে। ফাইনাল শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম ১৬ বছর ধরে। নেদারল্যান্ডস খুবই শক্ত প্রতিপক্ষ, আর আমরা জানতাম ম্যাচটা এমনই হবে। আমাদের পরিকল্পনা ছিল প্রতিটি বলের জন্য লড়াই করা, গোল ঠিকই আসবে। আর তারপর শুটআউটে গিয়ে নিছক উপভোগ করা।’ এর আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারায় বেলজিয়াম। দীর্ঘ ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হকি বিশ্বকাপে নিজেদের প্রথম পদক পায় দলটি।