হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন শাবানা বেগম (২৩) খুন হয়েছেন। এ ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে, ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার রাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাবানা ওই এলাকার আফজল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বর্তমানে তৃতীয় স্বামীর সংসারে রয়েছেন। এর আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর বাবদ ৪০ হাজার টাকা পান তিনি। আর ওই টাকা বড় ভাই শাহিনের কাছে আমানত হিসেবে জমা রেখেছিলেন। পরবর্তীতে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল।
সম্প্রতি অবশিষ্ট ২০ হাজার টাকা ফেরত দেয়ার জন্য ভাইয়ের কাছে দাবি করেন তিনি। এ নিয়ে ভাই-বোনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে ধারলো ছুরি দিয়ে শাবানাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টার করেন। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
