কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নে মালঞ্চ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রাজু পুরাতন ভাড়ালিয়া এলাকার মনির হোসেনের ছেলে। এলাকাবাসী জানায় চুরির উদ্দেশ্যে রাজু মালঞ্চ এলাকায় ঘোরাফেরা করছিলো। এ সময় এলাকাবাসী আটক করে রাজুকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সকাল ৬টায় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান।

পরে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, নিহত রাজুর স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিল বলে স্থানীয়ভাবে জানায়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।