নেত্রকোণার পূর্বধলা উপজেলার ত্রিমোহিনী বাজারে ডুংকিখালী খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নেত্রকোণা জেলা সদরের সঙ্গে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান এই মাধ্যমে প্রতিদিন তৈরি হচ্ছে দুর্ঘটনার ভয় ও তীব্র জনভোগান্তি।? পাটাতন নড়বড়ে হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি সেতু ভেঙে পড়া এবং পরবর্তীতে তড়িঘড়ি করে জোড়াতালি দেয়ার কারণে এটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ?সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ভুট্টোর মতে, বেইলি ব্রিজ হওয়ার পর থেকে ইতিমধ্যে ১০-১২টি দুর্ঘটনা ঘটেছে। ?স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া জানান, গত ৩ মাসের মধ্যেই ৩টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
?স্থানীয় প্রবীণ বাসিন্দা আবুল হাশেম (৬৫) বলেন, ১৯৮৮ সালের পুরোনো স্লুইস গেটটি চলতি বছরের এপ্রিলে ভেঙে ফেলার পর এই অস্থায়ী বেইলি ব্রিজ তৈরি করা হয়, যা বর্তমানে একেবারেই নিরাপদ নয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই সেতুটি দ্রুত স্থায়ীভাবে নতুন করে নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক বিপর্যয় ঘটার আগেই ব্রিজটি পুনর্নির্মাণ করা জরুরি। পূর্বধলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ্ ইমরান বলেন, সেতুটি আসলেই ঝুঁকিপূর্ণ।
আমার জানামতে, টেন্ডার হয়ে গেছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য উপ-বিভাগীয় প্রকৌশলীর কাছে জোর দাবি জানাচ্ছি। নেত্রকোণা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাক্কারুল ইসলাম তুহিন বলেন, এই বেইলি ব্রিজের টেন্ডার চুক্তি সম্পন্ন হয়ে গেছে, অল্প কিছুদিনের ভেতরে পিসি গার্ডার সেতুর কাজ শুরু হবে বলে তিনি জানান।
