ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই গ্রামের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। নিহত সকলের বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামে। নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), আজগর শেখের ছেলে সজিব (২২) ওরফে সিয়াম, এনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। নিহত চয়ন মোল্লা সৌদি আরবপ্রবাসী ছিলেন বলে জানা গেছে। জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চয়ন, সজিব ও নয়ন একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
এ সময় তারা নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় চয়ন মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়। এবং বাকি দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের দু’জনের মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
