ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে সীতাকুণ্ড ওসির সঙ্গে জামায়াতের বৈঠক

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ঘিরে সীতাকুণ্ড ওসির সঙ্গে জামায়াতের বৈঠক

ফন্ট সাইজ:

আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রোববার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড থানায় অনুষ্ঠিত এ মতবিনিময়ে লং মার্চকে ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলে ছিলেন লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আযাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির আবু তাহের এবং সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির ও দলের দুঃসময়ে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা তৌহিদুল হক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আ. ন. ম. জুবায়ের, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল ইসলাম, ব্যবসায়ী ও জামায়াত নেতা লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময়ে লং মার্চ চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।