‘প্রযুক্তি ও কর্মমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়’

অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ

‘প্রযুক্তি ও কর্মমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়’

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সুগঠন ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বগুড়ার আদর্শ স্কুলে দিনব্যাপী ‘ক্যারিয়ার কাউন্সিলিং’ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) বগুড়ার সার্বিক সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে শিক্ষার্থীদের বর্তমান বিশ্ব ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে উৎসাহ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কারিগরি শিক্ষা বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, “বর্তমান ও আগামী দিনের চ্যালেঞ্জিং পৃথিবীতে শুধু বইয়ের পাতায় বন্দি পুঁথিগত বিদ্যা দিয়ে নিজেদের প্রমাণ করা কঠিন। ‘প্রযুক্তি ও কর্মমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়’। আজকের প্রতিযোগিতামূলক যুগে টিকতে হলে এবং নিজেদের সফল হিসেবে গড়ে তুলতে হলে কর্মমুখী ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তিই একটি দেশের মূল চালিকাশক্তি। তোমরা যদি নিজেদের সময়োপযোগী কোনো বিশেষ দক্ষতায় পারদর্শী করে তুলতে পারো, তবে ক্যারিয়ার নিয়ে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। দক্ষতা অর্জন করলে কাজই তোমাদের খুঁজে নেবে, তোমাদের কাজের পেছনে ছুটতে হবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুল বগুড়ার সভাপতি আ স ম আব্দুল মালেক। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পরম পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আ স ম আব্দুল মালেক বলেন, “শিক্ষার্থীদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। আদর্শ স্কুল সব সময় চেষ্টা করে যাতে আমাদের তরুণ প্রজন্ম সময়ের চ্যালঞ্জ বুঝতে শিখে সঠিক পথে পরিচালিত হতে পারে। ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের ভীতি দূর করে একটি সুন্দর ও সুনির্দিষ্ট ভবিষ্যতের পথ দেখাবে বলে আমার বিশ্বাস।”
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কৃতিত্ব ও সক্রিয় অংশগ্রহণের মূল্যায়নে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি আ স ম আব্দুল মালেক বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
উক্ত ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ও দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুল বগুড়ার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) বগুড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিলা আক্তার এবং আদর্শ স্কুল বগুড়ার সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন।
দিনব্যাপী এই আয়োজনে আদর্শ স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণে ভবিষ্যৎ শিক্ষা ও পেশাজীবন বেছে নেওয়ার বাস্তবসম্মত বিভিন্ন কৌশল এবং কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পেরে শিক্ষার্থীরা গভীর উচ্ছ্বাস প্রকাশ করে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের এই অর্জিত জ্ঞান ভবিষ্যতে সঠিক ক্যারিয়ার গঠনে সহায়ক ভুমিকা পালন করবে।