গাজীপুর সাফারি পার্কের কর্মীদের হামলায় নারী দর্শনার্থীসহ আহতের ঘটনায় মামলা

গাজীপুর সাফারি পার্কের কর্মীদের হামলায় নারী দর্শনার্থীসহ আহতের ঘটনায় মামলা

ফন্ট সাইজ:

গাজীপুর সাফারি পার্কের দর্শনার্থী বাসের সিটে ময়লা পরিষ্কারের কথা বলায় বন প্রহরীদের হামলায় নারীসহ ৮ দর্শনার্থী আহত হয়েছেন। গতকাল শনিবার হামলা ও মারধরের অভিযোগের ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। রোববার সকালে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, রাজধানীর বারিধারা (নতুন বাজার) এলাকার সালমা হোসেন (৪৫), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭), জারিফ (১৫) এবং তাদের গাড়ির চালক রাসেল (২৫)। আব্দুল কাহারের ছেলে মানিক মিয়া (৩৭), ফরিদ উদ্দিনের ছেলে আরমান (৪৫), আফাজ উদ্দিনের ছেলে দোয়েল হক (৩৫), আশিক (৩৫)।

সন্ধ্যার পর ওই মারামারির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। শনিবার দুপুর আড়াইটার দিকে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের একটি কক্ষে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রহরী ফরহাদকে বরখাস্ত করেছে পার্ক কর্তৃপক্ষ।

দর্শনার্থী সালমা হোসেন জানান, ঘটনার দিন দুপুরে দুই ছেলে আহনাফ ও জারিফকে নিয়ে তিনি গাজীপুর সাফারি পার্কে যান। পার্কের কোর সাফারির দর্শনার্থীদের বাসে উঠে সিটে ময়লা থাকায় প্রহরী ফরহাদকে পরিস্কার করতে বলেন। সিটের ময়লা পরিষ্কারের দায়িত্ব তার না বলে ওই নারী দর্শনার্থীর ছেলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে দর্শনার্থী বাসটি কোর সাফারি ঘুরে এসে তাদেরকে নামিয়ে না দিয়ে চালক বাসটি নিয়ে সরাসরি সহকারী বন সংরক্ষকের অফিসের নিচে নিয়ে যান। সেখানে গেলে প্রহরী ফরহাদসহ তার অন্যান্য সহকর্মীরা আমার দুই ছেলে ও ব্যক্তিগত গাড়ির চালক রাসেলকে মারধর শুরু করেন। তিনি ফেরাতে গেলে তাকেও ধাক্কা দেয় ইউনিফর্ম পরিহিত পার্কের লোকজন। এ সময় ওই নারীর তিন ভরি ওজনের স্বর্ণের চেইন, তার এবং ছেলের মুঠোফোন এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলে দাবি করেন তিনি।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান সাংবাদিকদের জানান, দর্শনার্থী বাসের সিটে থাকা ময়লা পরিষ্কার করা নিয়ে ওই বাসের দায়িত্বরত প্রহরী ফরহাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় নারী দর্শনার্থীর ছেলের সঙ্গে প্রহরীর হাতাহাতি হয়। পরিদর্শন শেষে দর্শনার্থী বাসটি পার্কের অফিসের নিচে নিয়ে আসেন চালক। সেখানে আসলে অন্যান্য লোকের সঙ্গে দর্শনার্থীদের মারধরের ঘটনা ঘটে।’ এ ঘটনায় পার্কের দুজন কর্মচারী আহত হয়েছে বলে তিনি দাবি করেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুমিন নামে আমাদের একজন স্টাফের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আমাদের স্টাফকে আহত করার পর বাসে থাকা ওই পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় বন বিভাগের স্টাফ ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘সাফারি পার্কে দর্শনার্থীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দর্শনার্থীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রাতে পার্ক কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’