৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

ফন্ট সাইজ:

দেশের ৬৪ জেলার জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। রোববার মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে এ রিট আবেদন করা হয়। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে সময় হাইকোর্টে রিট আবেদন করা হয়। পরে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন।
শিশির মনির বলেন, রুলস অব বিজনেস, সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত কর্তৃত্ব সরকারের নেই। ফলে বর্তমান সিদ্ধান্তটিও আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।

এর আগে বৃহস্পতিবার ৬৪ জেলার মধ্যে দায়িত্ব বণ্টন করে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে সংশ্লিষ্ট জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা তদারকি ও পরামর্শ দেবেন। এই দায়িত্ব বণ্টনের বৈধতা নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামায়াতের ১১ সংসদ সদস্য।