মহাবিশ্বের নতুন মানচিত্র তৈরি করবে নাসার ‘রোমান’ টেলিস্কোপ

মহাবিশ্বের নতুন মানচিত্র তৈরি করবে নাসার ‘রোমান’ টেলিস্কোপ

ফন্ট সাইজ:

মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচন এবং বিশাল এক নতুন মানচিত্র তৈরির লক্ষ্যে আজ রবিবার মহাকাশে পাড়ি জমাচ্ছে নাসার ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে চেপে এটি উৎক্ষেপণ করা হবে। হাবল টেলিস্কোপের চেয়ে ১০০ গুণেরও বেশি দৃষ্টিসীমা সম্পন্ন অত্যাধুনিক এই টেলিস্কোপ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির মতো পদার্থবিজ্ঞানের অন্যতম বড় রহস্যগুলোর জট খুলতে সাহায্য করবে। এ খবর দিয়েছে ফ্রান্স ২৪।

মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ন্যান্সি গ্রেস রোমানের নামে এটির নামকরণ করা হয়েছে। ৪০০ কোটি ডলারের বেশি ব্যয়ে এক দশকেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছে এই ফ্ল্যাগশিপ টেলিস্কোপটি। এটি পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরের এক কক্ষপথে অবস্থান নেবে, যেখানে পৌঁছাতে এর সময় লাগবে প্রায় ১০০ দিন। জেমস ওয়েব এবং অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে সমন্বয় করে কাজ করবে রোমান। এর অন্যতম মূল লক্ষ্য হলো হাজার হাজার এক্সোপ্ল্যানেট (সৌরজগতের বাইরের গ্রহ) এবং সুপারনোভা আবিষ্কার করা।

বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের প্রায় ৯৫ শতাংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে গঠিত, যার উৎস এখনও অজানা। রোমান টেলিস্কোপ তার ইনফ্রারেড ভিশনের সাহায্যে শত শত কোটি বছর আগের আলো শনাক্ত করে মহাবিশ্বের দূরবর্তী অতীতের চিত্র তুলে আনবে। প্রতিদিন প্রায় ১ দশমিক ৩ টেরাবাইট ডেটা পাঠাবে এই টেলিস্কোপ, যা বিজ্ঞানী এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।