তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে -আমান উল্লাহ আমান

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে শিল্প শ্রমিক ভাইবোনদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু’র সাবেক ভিপি, মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতে নতুন গ্রিড স্থাপন এবং গ্যাসের নতুন কূপ খননের কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস খাতে নানা সংকট দেখা দিয়েছে।

আমান আরও বলেন, তারেক রহমানের সরকার এ সমস্যাগুলো সমাধানে কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট দ্রুত সমাধান হবে, ইনশাআল্লাহ্‌। তিনি শিল্প শ্রমিকদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেরানীগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিল্প এলাকার শ্রমিকদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।