গাজীপুরে একদিনে পাঁচ মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরে একদিনে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক নিলয় সরকারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালিয়াকৈরে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। আর কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলার পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পর পর তিনটি ঘটনায় কালিয়াকৈর ও কাপাসিয়ার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনটি ঘটনারই পৃথকভাবে তদন্ত করছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ৬ বছরের শিশু সাথী আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, কালিয়াকৈরের মৌচাকে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকার ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাজারে তাদের মধ্যে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে নিলয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাসেল তার ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেন বলে স্থানীয়রা জানান। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন নিলয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

একইদিন দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে অর্ধগলিত মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ৬ বছরের শিশু সাথী আক্তারের মরদেহ ভেসে উঠেছে। শুক্রবার সকালে বড়ইতলী এলাকায় নদীতে ডুবে যায় সে। এ ছাড়া মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জয়দেবপুর-ঢাকা রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।