বর্তমানে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এটা আমি স্বীকার করি কিন্তু এই সমস্যা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিগত বছরগুলোতে আমরা জেনেছি ১০০% বিদ্যুতায়নের দেশ। যখন থেকে আমরা ক্ষমতায় এসেছি তখন দেখলাম ১৭ বছরের বিদ্যুৎ উৎপাদনে শুভঙ্করের ফাঁকি ও দেশে গ্যাস উত্তোলনের একটি কূপও খনন হয়নি। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও গ্যাসের কোনো স্থায়ীভাবে সমাধান করা হয়নি। গতকাল সকাল ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে অপরাধ নির্মূল ও দ্রুত অপরাধী শনাক্ত করতে ভৈরব বাজার শহর ফাঁড়ি থানা চত্বরে আয়োজিত সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। প্রতিমন্ত্রী বলেন, ভৈরব বাজার ও অপরাধপ্রবণ এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে। শহরে ইতিমধ্যে উন্নতমানের ৫০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরব শহরে ৩০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমরা সচেতন হলে অপরাধী নির্মূল করা সম্ভব।
মো. শরীফুল আলম আরও বলেন, মাদক ও ছিনতাই নির্মূলে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমার দলের কেউ যদি অপরাধ করে তাকে চিহ্নিত করে উপযুক্ত প্রমাণাদি নিয়ে আইনের আওতায় আনুন। ব্যবসায়ীদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো অপরাধের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এতে যদি কারও সমস্যা হয় তাহলে আমরা সহযোগিতা করবো। প্রত্যেককে বিবেকবান হতে হবে, সচেতন হতে হবে। আলোচনা সভায় ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান প্রমুখ। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান শেলী ভার্চ্যুয়ালি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
