জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত ঘাতকের আত্মসমর্পণ

জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত ঘাতকের আত্মসমর্পণ

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর মজিদ মোড়ল (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে উপজেলার জামালপুর কলাপট্টি এলাকায় নিজের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মজিদ জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার (৩৫) উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে কলা ব্যবসায়ী ছিলেন। সম্পর্কে তারা শ্বশুর-জামাতা। এদিকে শ্বশুরকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত মোজাম্মেল শনিবার সকালে থানায় আত্মসমর্পণ করেছেন।

থানায় আত্মসমর্পণ করার বিষয়টি কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানায় মজিদের মেয়ে শাহানাজ বেগমের সঙ্গে মোজাম্মেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মাদকসেবন করে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে শাহানাজ একাধিকবার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। স্বজনদের অভিযোগ, স্ত্রীকে নিপীড়ন করা নিয়ে মোজাম্মেলের সঙ্গে শ্বশুরের বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার বিকেল ৪টার দিকে মোজাম্মেল একটি ট্রলি ব্যাগে কুড়াল নিয়ে মজিদের কলার দোকানে যান। সেখানে ব্যাগ থেকে কুড়াল বের করে মজিদকে এলোপাতাড়ি কোপান। গুরুতর আহত হয়ে মজিদ মাটিতে পড়লে মোজাম্মেল পালিয়ে যান।

পরে স্থানীয়রা মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার পর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।