চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া সৈদালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা দু’জনই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফিরছিলেন। বড়তাকিয়া সৈদালী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
