মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে কিশোরগঞ্জে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আজিজুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন- শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক, মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ সোবহানিয়া তামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী।
কনফারেন্সে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমীর মাওলানা আ. ম. ম. আব্দুল হক এবং সঞ্চালনা করেন- শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম। বক্তারা মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। আলোচনার ফাঁকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর নাত্ পরিবেশন করেন, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। কনফারেন্সে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
