সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের ছাত্রদল নেতা ফয়সাল সিকদার সোহানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য ফয়সাল সিকদার সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতা বলেন, ফয়সাল সিকদার সোহানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে কেন্দ্রীয় ছাত্রদলকে বহিষ্কারের সুপারিশ করা হয় জেলা থেকে। এর পর পরই তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ছাত্রদল।
