চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। শুক্রবার নগরীর মুরাদপুর ও অনন্যা আবাসিক এলাকায় পৃথক মিছিলের পাশাপাশি আনোয়ারাতেও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের অভিযানে ১৫ জন আটক ও গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে নগরীর মুরাদপুর রেলক্রসিং এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শতাধিক নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলের সামনে ১০ থেকে ১২টি মোটরসাইকেলের একটি বহর ছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঝটিকা মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করে। নগরের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। কয়েক মিনিট স্থায়ী ওই মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এ মিছিলের বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, মিছিল সম্পর্কে তিনি কিছু জানেন না। এদিকে, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
