নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে দুই হাজারের বেশি কংক্রিটের ব্লক লুটের অভিযোগ উঠেছে। গত ১৮ই আগস্ট রাত থেকে গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে বাঁধটি থেকে এসব ব্লক তুলে নেয়া হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন। পাউবো সূত্রে জানা যায়, ডিঙাপোতা হাওরের বোরো ফসল রক্ষায় ২০১৯ সালে ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৩ কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক দিয়ে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। ১৮ই আগস্ট রাতে বাঁধ থেকে দুই হাজারের বেশি ব্লক তুলে নেয়া হয়। পরদিন বিষয়টি জানাজানি হলে পাউবো’র পক্ষ থেকে থানায় জিডি করা হয়। তবে এরপরও রাতের আঁধারে বাঁধ থেকে ব্লক তুলে নেয়া হচ্ছে। এর আগেও প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা বাঁধটির কয়েকটি অংশ কেটে দিয়েছিল। প্রশাসন তখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
গাগলাজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ চৌধুরী বলেন, ধরুন বানিয়াহারী গ্রামের লোকজন রাতের আঁধারে বাঁধের ব্লক নিয়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন। তাদের বাড়িতে এসব ব্লক পাওয়া যাবে। থানায় অভিযোগ দেয়ার পরও ব্লক নেয়া বন্ধ হয়নি। এখন স্থানীয় রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ব্লকগুলো ফেরত দেয়ার উদ্যোগ নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা ব্লক নিয়েছেন, তাদের বাড়িতেও গিয়ে খোঁজ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দুই-তিনদিনের মধ্যে ব্লকগুলো আগের জায়গায় ফিরিয়ে দিতে বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোণা পাউবো’র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, ব্লকগুলো ফিরিয়ে স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। দুই-তিনদিনের মধ্যেই ব্লকগুলো ফিরিয়ে দিতে বলা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আগামী দুইদিনের মধ্যে লুট হওয়া ব্লকগুলো আগের জায়গায় ফিরিয়ে দিতে বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
