রাশিয়ায় দুর্ঘটনায় নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম

রাশিয়ায় দুর্ঘটনায় নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম

ফন্ট সাইজ:

রাশিয়ার আমুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জাকির হোসেন (৩৫)-এর বাড়িতে চলছে বুকফাটা আর্তনাদ। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। শুক্রবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে বাতাস। পরিবারের বড় ছেলের অপেক্ষায় মা। যাকে অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলেন দূর প্রবাস রাশিয়ায়। ছেলের মাধ্যমে স্বপ্ন পূরণ তো হয়নি বরং ঋণের টাকা পরিশোধ করবেন কীভাবে ও চার বছরের কন্যাসন্তানকে কী বলে সান্ত্বনা দিবেন সেই ভাষা যেন হারিয়ে ফেলেছেন জাকিরের মা রোকেয়া বেগম। নিহত জাকির কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের বড় বাড়ির মৃত রতন মিয়ার ছেলে।

নিহতের ভাই শরীফ মিয়া বলেন, পরিবারের সচ্ছলতা ফেরাতে দেড় বছর আগে তার বাবা ধারদেনা করে ছেলেকে রাশিয়ায় পাঠায়। জাকিরের সঙ্গে রাশিয়ায় সফরসঙ্গী ছিলেন তারই চাচাতো ভাই আলী হোসেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শরীফ আরও বলেন, ৯ মাস আগে বাবা রতন মিয়া অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। জাকিরের আরও তিন ভাই রয়েছে। একজন গ্রিসে গেছেন কয়েকমাস আগে। ঋণের টাকাও পরিশোধ করতে পারেনি জাকির। ২৫শে আগস্ট পরিবার জানতে পারে জাকির আহত হয়ে হাসপাতালে ভর্তি। রাশিয়ার অবস্থান করা চাচাতো ভাই আলী হোসেনও জানতো সে হাসপাতালে। কিন্তু ২৭শে আগস্ট আলীর মাধ্যমে জানতে পারেন দুর্ঘটনার দিনই কোম্পানির একটি রুমে মৃত্যু হয় ও মরদেহ সেখানেই পড়ে আছে। শরীফ নিজের ভাইকে ফিরে পেতে সরকারের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে নিহতের স্ত্রী রিপা বেগম বলেন, আমার সঙ্গে ঘটনার দিন সকাল ৭টায় ফোনে কথা হয়েছে। তখন সে বলে আমাদের সুদিন ফিরবে- সবাই যেন দোয়া করি।

তিনি আরও বলেন, আমি কল্পনাও করতে পারিনি সে মৃত্যুবরণ করবে। আমার চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে- আমি মেয়েকে নিয়ে কোথায় যাবো, কীভাবে মানুষ করবো। আমি আমার স্বামীর লাশ ফেরত চাই। উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ বলেন, জাকিরের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি প্রশাসনিকভাবে খবর নিচ্ছি। নিহতের পরিবার যেন ছেলের মরদেহ দেশে আনতে পারে প্রয়োজনে সেই ব্যবস্থা করবো। জানা যায়, ২৫শে আগস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ বিস্ফোরণ হয়। নিহত হয়েছেন ১৫ জন। এর মধ্যে একজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছে মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।