চট্টগ্রামের পরিত্যক্ত হাজী ক্যাম্প পুনরায় চালুর উদ্যোগ

চট্টগ্রামের পরিত্যক্ত হাজী ক্যাম্প পুনরায় চালুর উদ্যোগ

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে অব্যবহৃত চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্প পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে হজ প্যাকেজের ব্যয় আরও কমানো যায় কিনা, সেটিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। শনিবার দিনব্যাপী চট্টগ্রাম সফরের শুরুতে পাহাড়তলী হাজী ক্যাম্প পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পরিত্যক্ত এই বিশাল জমি কীভাবে ব্যবহার উপযোগী করা যায় এবং হাজী ক্যাম্পটি পুনরায় চালু করা সম্ভব কিনা, তা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। একইসঙ্গে হজের খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে প্যাকেজের মূল্য আরও কমানোর সুযোগ রয়েছে কিনা, সেটিও বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, একসময় চট্টগ্রাম হয়ে সাগরপথে বিপুলসংখ্যক মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতেন। সে সময় হজযাত্রীদের যাতায়াত ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য পাহাড়তলী এলাকায় ৯ একরেরও বেশি জমির উপর নির্মাণ করা হয় এই হাজী ক্যাম্প। পরবর্তীতে সাগরপথে হজযাত্রা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক যুগ ধরে ক্যাম্পটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এর স্থাপনা ও অবকাঠামোরও বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে।