সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শনে রেডক্রিসেন্ট চেয়ারম্যান

ফন্ট সাইজ:

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের ওয়ার্ডগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সিলেটে হাম কঠিন আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানীর বাইরে সারা দেশের মধ্যে আমার জন্মভূমি প্রিয় সিলেটে হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। দেড়শ’র উপরে প্রাণহানি ঘটেছে। দু’জন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সকলেই কোমলমতি শিশু। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চোখের সামনেই এভাবে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। এটা হতে পারে না। তিনি বলেন, আপনাদের কথা দিচ্ছি রেডক্রিসেন্ট সোসাইটি হামে আক্রান্তদের পাশে তো থাকবেই, একইসঙ্গে বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর নিকট যাবো। কোমলপ্রাণ শিশুদের জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিবে ইনশাআল্লাহ্‌। এমনকি স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গেও জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরজমিন পরিদর্শন করে নিষ্পাপ শিশুদের কষ্ট ও তাদের স্বজনদের আর্তনাদ দেখেছি। সমাজের সকল সচেতন মানুষের উচিত এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো। এটি একটি দুর্যোগ বলে আমি মনে করি। সেই বিষয়টি মাথায় রেখে শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী রেডক্রিসেন্ট সহযোগিতা করবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক ও সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রশিদ মুনির, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. খসরুজ্জামান রনি, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।