আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবো। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। তিনি গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনে সরকার দ্রুত কাজ করছে উল্লেখ করে বলেন, রোববারের অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত করা হবে। একইসঙ্গে বিচার বিভাগের গতিশীলতা আনতে ও মামলাজট কমাতে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে।
আইনমন্ত্রী রোববার দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে জাতীয় ও স্থানীয় নানা ইস্যুতে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আরও বালেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় রক্ষী বাহিনীর তাণ্ডবে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে নিহত ব্যক্তিরা যদি আইনের আশ্রয় গ্রহণ করে তবে সেটা তারা নিতে পারে। আইনের দরজা সবার জন্য খোলা। গুম খুনের শিকার পরিবারগুলো আইনগত সহায়তা চাইলে আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। ঝিনাইদহ জুড়ে চলমান সিক্সলেন মহাসড়ক নির্মাণ কাজের ধীরগতি এবং জেলার সড়কগুলোর বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহাসড়কের অপ্রশস্ততা ও নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতায় সাধারণ মানুষকে যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিক্সলেনের কাজ ত্বরান্বিত করা এবং সড়ক সংস্কারের জোরালো নির্দেশ দেয়া হবে। পরিবেশবাদী সংগঠন ‘বেলা’র (ইঊখঅ) দায়ের করা রিট পিটিশনের কারণে ঝিনাইদহ পৌরসভার বহুতল আধুনিক সুপার মার্কেট নির্মাণ কাজ আটকে থাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি বিষয়টি ভালো জানেন না। আইনি বাধা নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা খতিয়ে দেখা হবে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার সন্তুষ্ট কি না সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ছাড়াও আন্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ।
