‘যারা বলেছিল বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দিবে না তারাই পালিয়ে গেছেন’

‘যারা বলেছিল বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দিবে না তারাই পালিয়ে গেছেন’

ফন্ট সাইজ:

সমাজকল্যাণমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করে। মনে করে ধাক্কা দিলেই বিএনপি চলে যাবে, অতীতে অনেকে এরকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দিবেন না তারা কিন্তু আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার সকাল ১১টায় হিলির পাউশগাড়া স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখনো যারা দুঃস্বপ্ন দেখছেন বিএনপিকে একটু নাড়া দিলেই, ইচ্ছা করলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, তাদের বলি, বিএনপি’র শেকড় হচ্ছে জনগণের মাঝে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি, বিএনপি আত্মসমর্পণ করার দল না।

বিএনপি’র নেতা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই, আপস করেনি। কাজেই বিএনপি জনগণের দল জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দল বিএনপি। বিএনপি জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বিএনপি। কাজেই যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন তাদের বলি গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন জনগণ যাদেরকে দায়িত্ব দিবে তারাই দায়িত্ব পালন করবে।

অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খট্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হুসেন লাবু দিনাজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অন্যরা।