প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গচিত্র’ পোস্ট, আটক ১

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গচিত্র’ পোস্ট, আটক ১

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গচিত্র’ পোস্ট দেয়ার অভিযোগে যশোরের অভয়নগরে মো. রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে। স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম নিজেকে সাংবাদিক দাবি করতেন। তিনি খুলনার একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার (দৈনিক ফুলতলা প্রতিদিন) স্টাফ রিপোর্টার পরিচয় দিতেন। সম্প্রতি তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি কার্টুন বানিয়ে পোস্ট দেন। পরে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে সেই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার সেই পোস্টের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি ফেসবুকে নতুন করে আরও একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন- ‘প্রিয় ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ সম্প্রতি আমার একটি পোস্ট নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা হয়েছে। যদিও কাউকে ব্যক্তিগতভাবে আহত করার উদ্দেশ্য আমার ছিল না। আমি সেই পোস্টের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাই।’ এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্টুন বানিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মো. রবিউল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’