কুলিয়ারচরে ঝটিকা সফরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কুলিয়ারচরে ঝটিকা সফরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ ঘণ্টার ঝটিকা সফর করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। এ সময়ে তিনি কুলিয়ারচর বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম, মৎস্য বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শনিবার বিকাল সাড় ৩টায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কুলিয়ারচরে পৌঁছে প্রথমেই পৌরসভার উদ্যোগে কুলিয়ারচর বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কুলিয়ারচর মৎস্য বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি এক কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ করেন।

সর্বশেষ তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ১০৩ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ একটি করে গাছের চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহাদাত হোসেন কবির, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মুসাব্বির হোসেন, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকে তোমরা যারা ভালো ফলাফল করেছ এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবেই সফলকাম হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে যুগোপযোগী করে একটি দক্ষ জাতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে।