ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে এম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা আটকে থেকে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। দীর্ঘ যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দিতে আটকে পড়ে এম্বুলেন্সটি। শুক্রবার রাত ৩টার দিকে এম্বুলেন্সে তার মৃত্যু হয়। তার স্বজন তারেক আল হাসান জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। রাত ১১টার দিকে এম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় এরপর আর গাড়িটি সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে এম্বুলেন্সের মধ্যে আমিরুন্নেছার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর সেতুতে সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের ঢাকামুখী যানজট দেখা দেয়। এদিন দুপুর থেকে সেতুতে সংস্কার কাজ শুরু করে করে সড়ক বিভাগ। এতে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেন সাড়ে ১৬ ঘণ্টা বন্ধ ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে জরুরি সংস্কার কাজ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই লেনটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কাজ শেষ হওয়ায় এখন মহাসড়কের ওই অংশে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
