খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমার একটাই পরিচয়, আমি আপনাদের জনপ্রতিনিধি। আপনারা আছেন বলেই আমি আছি। আপনারা পাশে না থাকলে আমি হারিয়ে যাবো। আমি সবসময় চাই আমার প্রিয় জনগণ যেন আমার সঙ্গে থাকে। শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ হলো জনগণকে ভালোবাসতে হবে। কারণ এই দল জনগণের এবং দলের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের কল্যাণ চিন্তা করা। খাদ্যমন্ত্রী এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন প্রসঙ্গে বলেন, যতদিন আমি বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, পরম নিষ্ঠা, সততা ও মেধা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।
মন্ত্রণালয় পরিবর্তনের পর মানিকগঞ্জের সর্বস্তরের মানুষের আমেজ ও উচ্ছ্বাসের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানে থাকার সময় সাধারণ মানুষের সেভাবে সম্পৃক্ততা ছিল না। কিন্তু খাদ্য মন্ত্রণালয় মানেই আপামর জনগণের মন্ত্রণালয়। সবাই খুশি যে এখন আমাকে আরও কাছে পাওয়া যাবে। দায়িত্ব নেয়ার পরপরই তদারকি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চাল-গমসহ খাদ্যশস্যের সরকারি গুদামগুলো সরজমিন পরিদর্শন করা হচ্ছে এবং অনিয়ম-ভেজাল রোধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রকৃত প্রাপ্য ও যোগ্য ব্যক্তিরা যেন সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘নিরাপদ খাদ্য’ নিশ্চিত করাকে নিজের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, খাদ্যের মান সঠিক না হলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, তাই নিরাপদ খাদ্য সরবরাহ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি, খাদ্য ডিস্ট্রিবিউশন সিস্টেমে যুক্ত স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের নিজ নিজ জায়গা থেকে সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দায়িত্বে কোনো অবহেলা বা অনিয়ম হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।
যেকোনো আপদকালীন বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে দেশে খাদ্য মজুত পর্যাপ্ত রাখাই তার মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়েই মানুষের জীবন। খাদ্যের সঠিক মজুত বজায় রাখা এবং ভেজালমুক্ত খাদ্য মানুষের হাতে তুলে দেয়া এই দুটি প্রধান চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে আমি প্রস্তুত। সততা ও আদর্শ বজায় রেখে সারা বাংলার মানুষের খাদ্য নিরাপত্তা দিতে আমি সবার কাছে দোয়া ও সহায়তা চাই। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা উপজেলা বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
