হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া নতুন ব্রিজ-উবাহাটা এলাকার গুচ্ছগ্রামে দীর্ঘদিন ধরে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, রাত গভীর হলেই বাইরের বিভিন্ন এলাকা থেকে নারী ও অপরিচিত ব্যক্তিদের গুচ্ছগ্রামের কয়েকটি ভাড়া বাসায় নিয়ে আসা হয়। এরপর গভীর রাত পর্যন্ত সেখানে সন্দেহজনক যাতায়াত ও অনৈতিক কর্মকাণ্ড চলে। এসব ঘটনায় এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নারী, শিশু ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের দাবি, রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলেন, গুচ্ছগ্রামটি মূলত সুবিধাবঞ্চিত মানুষের বসবাসের জন্য নির্মিত হলেও কিছু অসাধু ব্যক্তি সেটিকে অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধিরও দাবি জানান তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
