সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, কম্বল, ফল, প্রসাধনীসামগ্রী, গরু, পান মসলা, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
