তারাকান্দায় শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মামলা

তারাকান্দায় শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মামলা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় পাঁচ বছরের শিশু হাসানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২৬শে আগস্ট ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহত শিশুর পিতা মো. আবদুল আলিম (৬০)। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারাকান্দা থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা সবাই তারাকান্দা উপজেলার কাটহুরী গ্রামের বাসিন্দা। তারা হলেন- মো. মালেক (৬০), তার স্ত্রী সাহেরা খাতুন (৫৫), ছেলে সেলিম মিয়া (৪০) ও পুত্রবধূ তানিয়া (৩০)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ও আসামিরা প্রতিবেশী। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে আসামিরা দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও গালিগালাজ করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ১১ই আগস্ট দুপুর ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে কোনো একসময় শিশু হাসান আসামিদের নাতি-নাতনিদের সঙ্গে খেলতে যায়। পূর্ব শত্রুতা ও হিংসার জেরে আসামিরা পরস্পর যোগসাজশে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ গুম করে রাখেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোনো সন্ধান পাননি। একপর্যায়ে আসামিদের আচরণে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১২ই আগস্ট বিকাল ৪টার দিকে আসামিদের কথামতো বাড়ির পাশের ধলাই নদী থেকে শিশু হাসানের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।