দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য সিলেটের চার জেলায় দুই মন্ত্রী-এক হুইপকে দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে ওই দায়িত্ব দেয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. জিকে গউস। তিনি এ দুইটি জেলার দায়িত্ব পালন করবেন।
হবিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেয়ার দায়িত্বও তাদের থাকবে। প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভায় অংশ নিতে এবং পরামর্শ দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
