মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ফন্ট সাইজ:

পটুয়াখালীর দুমকির পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ থেকে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সায়েম মৃধা (২১) নামে একজনের লাশ উদ্ধার করেছে দুমকি থানা পুলিশ। নিহতের বড় ভাই মো. হাসান মৃধা ও চাচাতো ভাই মো. মিলন মৃধাসহ স্থানীয়রা জানান, সায়েম ওই মসজিদে দুই বছর ধরে মুয়াজ্জিনের পাশাপাশি ইমামতি করে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের কিছু আগে মসজিদের বারান্দায় গলায় রশি পেচানো অবস্থায় সায়েমকে দেখে স্থানীয়রা স্বজন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। পরে শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে নেয়া হয়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে। নিহতের বড় ভাই মো. হাসান মৃধা ও চাচাতো ভাই মো. মিলন মৃধা জানান, শুক্রবার রাত ৮টায় আমরা খবর পেয়ে গিয়ে দেখি তার মরদেহ মসজিদের বারান্দায়। তবে আমাদের ধারণা এটা আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার চাই। দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে গলায় ফাঁস দেয়ার আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। মামলার প্রক্রিয়া চলছে।