নিখোঁজের তিনদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিনদিন পর জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। জাহিদ কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭শে আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে জাহিদকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরে গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম বলেন, মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছিল এবং নদীতে কীভাবে গেল এ বিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।