চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফর করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী। পরে মাদ্রাসায় হেফাজত আমীরের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তার। তিনি বলেন, ‘জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নিতে হয়।’ তাদের সমালোচনাকে পরামর্শ হিসেবে দেখেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই পরামর্শ নিয়েই তারা সামনে এগিয়ে যেতে চান। এ অঞ্চলের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নেয়া হবে।
এর আগে গত ৯ই আগস্ট একই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় হেফাজতের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছিল।
