পাল্টা আইন অমান্যের অভিযোগে পুলিশের এফআইআর

মমতার আন্দোলনের ডাক

পাল্টা আইন অমান্যের অভিযোগে পুলিশের এফআইআর

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। শুক্রবার কলকাতায় দলের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে চার মাসের শাসনেই রাজ্য বিজেপি সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন মমতা। শিগগির তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে জানিয়ে তিনি সরাসরি আন্দোলনের কথা বলেছেন।

এর ২৪ ঘন্টার মধ্যে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ।

আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা দান এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধেও একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।
অনুষ্ঠানের জন্য প্রথমে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন। হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করে মমতার শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাই কোর্টের নির্দেশ ছিল, রাস্তার একটি দিক খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু সমাবেশে এতো মানুষের উপস্থিতি ছিল যে বাস্তবে দেখা যায়, উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ করা যায়নি।

তবে শুক্রবারের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন,তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ ঠিকমতো সভাও করতে দিচ্ছে না। তবে মানুষ এখন তৃণমূল কংগ্রেসের দিকেই ফিরছে বলে

মমতা মন্তব্য করেছেন। মমতার মতে, বিজেপির বড় পতন ঘটবে এবং তৃণমূল খুব শিগগির রাজপাটে ফিরে আসবে।