ভালো আইনজীবী হতে শুধু আইন পড়লেই হবে না, মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভালো আইনজীবী হতে শুধু আইন পড়লেই হবে না, মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

ভালো আইনজীবী হতে শুধু আইনের বই পড়লেই হবে না, সংশ্লিষ্ট মামলার তথ্য, তদন্ত প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ এবং মামলার প্রতিটি বিষয় গভীরভাবে জানতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, একজন দক্ষ আইনজীবীকে যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। শনিবার আশুলিয়া মডেল টাউনস্থ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভালোভাবে সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট একক সূত্র নেই। একজন দক্ষ ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার তথ্য ও তদন্ত সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। তিনি আরও বলেন, তদন্তের বিভিন্ন ধাপে কী ঘটেছে, কোথায় ভুল হয়েছে এবং সাক্ষ্য-প্রমাণের মধ্যে কোনো অসঙ্গতি বা ঘাটতি রয়েছে কি না—এসব খুঁজে বের করার দক্ষতা একজন আইনজীবীর থাকতে হবে।

মো. আমিনুল ইসলাম বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি তার মেধা, যুক্তি, জ্ঞান ও পেশাগত দক্ষতা। এসব গুণ অর্জনের জন্য আইন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এতে মামলা পরিচালনা, সাক্ষী জেরা ও আইনি যুক্তি উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আইন পেশা একটি মর্যাদাপূর্ণ পেশা। এই পেশার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় মেধাবী, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করা প্রয়োজন। ভবিষ্যৎ আইনজীবীদের দেশের বিচারব্যবস্থা ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে।

মানারাত বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলাবদ্ধ, পরিশীলিত ও মানসম্পন্ন শিক্ষার্থী তৈরির যে ধারণা রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা শুধু আইনজীবী নয়, ভালো মানুষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট রুম উদ্বোধন করেন। পরে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। এ সময় মক ট্রায়ালের প্রিজাইডিং জাজ হিসেবে শিক্ষার্থীদের উপস্থাপনা, আইনি যুক্তি, সাক্ষী জেরা ও বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি শিক্ষার্থীদের ভুল-ত্রুটি তুলে ধরে ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে মামলা পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন, প্রসিকিউটর শাইখ মাহদী এবং প্রসিকিউটর এস. এম. তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।