আওয়ামী লীগ দেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে: দুলু

আওয়ামী লীগ দেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে: দুলু

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে দেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই।’ শনিবার সকাল ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে
বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ও অসহায় দুঃস্থ রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘আওয়ামী জমানায় দলের নেতাকর্মী ও ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় স্বজনদের লুটপাটের সুযোগ দেয়ার জন্য দেশে বড় বড় মেগা প্রকল্প নেয়া হতো। আর সেই প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা বিদেশে টাকা পাচার করেছে। দেশের বাইরে বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স করেছে। এখন আর এসব চলবে না। সরকারি টাকা যে মেরে খাবে তাকে জেলে পাঠানো হবে।’

তিনি বলেন, ‘নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না। নাটোরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শিক্ষিত বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।