পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধর করার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ ধর্মঘট চলছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার ইজিবাইক চালক-শ্রমিকরা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় সংগঠিত হয়। এসময় তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। এ সময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায়।
নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ আরও জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।
